সরোয়ার আলমগীরের সংসদে যোগদানে বাধা নেই

আপিল বিভাগের আদেশ, চাইলে নিয়মিত আপিল করতে পারবেন জামায়াত প্রার্থী

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতের প্রার্থী চাইলে নিয়মিত আপিল করার সুযোগও রয়েছে বলে জানিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, নির্বাচনের আগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেন। এর ফলে তিনি বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন।

তবে নির্বাচনের ফলাফল সর্বোচ্চ আদালতের নির্দেশে সাময়িকভাবে স্থগিত ছিল। পরে রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

হাইকোর্টের ওই রায়ের পর নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে। একই দিন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

পরবর্তীতে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল আপিল বিভাগে আবেদন করেন। বুধবার শুনানি শেষে আপিল বিভাগ জানান, সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই। তবে মামলার বিষয়ে জামায়াতের প্রার্থী নিয়মিত আপিল করতে পারবেন।

আদালতের এ আদেশের ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং সংসদ অধিবেশনে অংশগ্রহণে কোনো বাধা থাকছে না।