মধ্যনদীতে দুর্ঘটনা: মা সাঁতরে বাঁচলেও নিখোঁজ বাবা-ছেলে

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ
টুইট ডেস্ক: রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১২টার দিকে খড় বোঝাই একটি নৌকায় মধ্যচর থেকে বড়কুটি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে, তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
ঘটনার পর নৌকায় থাকা আটজনের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এ ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, পদ্মা নদীর চরে খড় কাটতে গিয়ে কাজ শেষে ফেরার পথে নৌকাটি মাঝ নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও কাউসার ও তার ছেলে পানিতে তলিয়ে যান।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক মুঞ্জিল হক জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।






