রংপুরে বিএনপি মহাসচিবের বৃক্ষরোপণ ও মতবিনিময়

দলকে সুসংগঠিত করে জনগণের পাশে থাকার আহ্বান। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, রাজনীতিতে সংগঠনের বার্তা।
নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের তারাগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সোমবার সকালে উপজেলার দশমাইল এলাকায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে তিনি অংশ নেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
বৃক্ষরোপণ শেষে তিনি তারাগঞ্জ উপজেলা বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সক্রিয়তা বাড়াতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলমসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়কপথে রংপুরের উদ্দেশে তারাগঞ্জ ত্যাগ করেন। এর আগে তিনি সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।





