রাজশাহীতে নিরাপত্তা জোরদারে ১৫৫ সিসি ক্যামেরা দিল রাসিক

ডিজিটাল নিরাপদ নগর গড়তে রাসিকের উদ্যোগ। সিটি কর্পোরেশনের উদ্যোগে আরএমপির হাতে আধুনিক নজরদারি ব্যবস্থা, বাড়বে অপরাধ দমন ও ট্রাফিক নিয়ন্ত্রণ।
নিজস্ব প্রতিনিধি: মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ডিজিটালি সুরক্ষিত নগর গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে এসব ক্যামেরা তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। নগরবাসীর নিরাপত্তা জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। সেই লক্ষ্যেই এসব সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, সিটি কর্পোরেশনের দেওয়া এসব আধুনিক সিসি ক্যামেরা প্রিভেন্টিভ ও ডিটেকটিভ পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরীর ১৫৫টি গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এতে রাজশাহী মহানগর আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান।
উল্লেখ্য, মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলগুলোতে এসব আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার, অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।






