জাতীয় সেমিকন্ডাক্টর সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তি খাতের ভবিষ্যৎ, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক অংশীদারিত্বে দুই দিনের আয়োজন শুরু

টুইট ডেস্ক: বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ, উচ্চপ্রযুক্তি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রযুক্তি সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস (বিইএআর) সম্মেলন-২০২৬। শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে
১১টি কারিগরি অধিবেশন ও ৭টি কৌশলগত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, সম্মেলনে সেমিকন্ডাক্টর খাতের দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিভিত্তিক ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারিত্ব, গবেষণা, উন্নত উৎপাদন ব্যবস্থা, বাণিজ্যিকীকরণ এবং ডিপ-টেক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হবে।

সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, পারডু ইউনিভার্সিটি, গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপ-এর প্রতিনিধিরা।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ক্রিস্টে ফেলোশিপ রিসার্চ সিম্পোজিয়াম, যেখানে দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকেরা তাঁদের গবেষণা ও উদ্ভাবনী কাজ উপস্থাপন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, অধ্যাপক মোহাম্মদ মুস্তফা হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জাব্বার।

সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬। সেখানে শিক্ষার্থী, গবেষক ও স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শন করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখার কথা রয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণমূলক আয়োজন বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, গবেষণা এবং দক্ষ জনবল তৈরিতে নতুন গতি সঞ্চার করতে পারে।