এমপি পদও হারাতে পারেন গাজী নজরুল

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার; নির্বাচন কমিশনকে জানানো হবে।

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার কথাও জানিয়েছে দলটি।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান এমপি।

এমপি পদ নিয়ে অনিশ্চয়তা

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণত কোনো দল যদি সদস্যপদ বাতিল করে স্পিকারের কাছে এমপি পদ রহিতের আবেদন জানায়, তবে পদ বাতিল হওয়ার নজির রয়েছে। অতীতে এমন ঘটনায় একাধিক সংসদ সদস্য তাদের পদ হারিয়েছেন।

তবে কেবল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলে এবং স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করলে এমপি পদ বহাল থাকার ঘটনাও রয়েছে। ফলে এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলটির পরবর্তী পদক্ষেপের ওপর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। স্থানীয় নেতাদের কেউ কেউ ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলেও উল্লেখ করেছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

এ ঘটনায় দলীয় সিদ্ধান্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।