ক্যানসার আক্রান্ত মেহেদীর পাশে মধুয়াই ফাউন্ডেশন

উন্নত চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, সহযোগিতার আহ্বান

টুইট ডেস্ক: ক্যানসারে আক্রান্ত তরুণ মেহেদী হাসানের চিকিৎসা সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে মধুয়াই ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সম্প্রতি মধুয়াই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহা. মোত্তালেব ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল মেহেদী হাসানের পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

মোহা. মোত্তালেব ইসলাম বলেন,মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত মেহেদী হাসানের চিকিৎসায় সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক মানুষ এগিয়ে এলে তার চিকিৎসা আরও সহজ হবে।

তিনি জানান, মধুয়াই ফাউন্ডেশন সবসময় অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটি জানায়, ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় মেহেদী হাসানের পরিবারের পক্ষে এককভাবে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন। তাই তার সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মধুয়াই ফাউন্ডেশনের স্লোগান—মানবতার সেবায় আমরা একসাথে। এই অঙ্গীকার বাস্তবায়নে সংগঠনটি নিয়মিত বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।