লঘুচাপ দুর্বল, তবুও বহাল ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য অব্যাহত; উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, মাছ ধরার নৌকা-ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ
টুইট ডেস্ক: ভারতের মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও দুর্বল হওয়ার পথে থাকলেও উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বিরূপ আবহাওয়া পরিস্থিতি এখনো কাটেনি। বায়ুচাপের তারতম্য অব্যাহত থাকায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (১০ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়, এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের পার্থক্য এখনো বেশি থাকায় উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।






