সুরা বাকারার নির্দেশনা মেনে প্রকৃতি রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

আল্লাহর সব সৃষ্টির যত্ন নেওয়া মানুষের দায়িত্ব; পরিবেশ সংরক্ষণে ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর জোর
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র কোরআনের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেছেন, আল্লাহর সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যা করা মানবসমাজের দায়িত্ব। তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং মানবকল্যাণ নিশ্চিত করতে ধর্মীয় নির্দেশনার পাশাপাশি বৈজ্ঞানিক উপলব্ধিকেও সমান গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তাই নদী-নালা, গাছপালা, প্রাণিকুল ও সমগ্র পরিবেশ মানুষের উপকারে এলেও সেগুলোর সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্বও মানুষেরই।
তিনি বলেন, মানুষ যদি আল্লাহর সৃষ্টির সুফল ভোগ করতে চায়, তবে সেসব সৃষ্টির প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে পরিবেশগত ভারসাম্য বা প্রতিবেশব্যবস্থার সঙ্গে মানবসমাজের সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। এই প্রতিবেশব্যবস্থার নিরাপদ সংরক্ষণ ও বিকাশের ওপরই মানুষের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নির্ভরশীল।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। ধর্মীয় মূল্যবোধ ও বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয়েই একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।






