ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার

নীরব শুভেচ্ছার প্রতিদান; অসুস্থ নিরাপত্তাকর্মী আব্দুস সালামের খোঁজ নিয়ে উপহার পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি
টুইট ডেস্ক: রাজধানীর রমনা এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মী আব্দুস সালামের প্রতি মানবিক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানো এই নিরাপত্তাকর্মীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাঠানো হয়েছে।
বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনায় গিয়ে আব্দুস সালামের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। এ সময় তিনি আব্দুস সালামের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম প্রায় আট মাস ধরে রমনা পুরাতন থানা ভবনের পাশের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। একসময় তিনি পেশায় গাড়িচালক ছিলেন। তবে স্ট্রোক করার পর সেই পেশা ছেড়ে নিরাপত্তাকর্মীর দায়িত্ব নেন। বর্তমানে অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন ১২ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন প্রধানমন্ত্রী সচিবালয়ে যাতায়াতের সময় বুথের সামনে হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। তার এই নীরব ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি কখনো ভাবেননি প্রধানমন্ত্রী তার মতো একজন সাধারণ মানুষকে লক্ষ্য করবেন বা তার জন্য উপহার পাঠাবেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয়দের মতে, একজন সাধারণ কর্মজীবী মানুষের আন্তরিক অনুভূতির প্রতি প্রধানমন্ত্রীর এই সাড়া মানবিকতার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।






