ইরানি তেলের ছাড়পত্র বাতিল করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর তেহরানের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানে ওয়াশিংটন।

টুইট প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড়পত্র বাতিল করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের অধীনস্থ বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর এক ঘোষণায় জানিয়েছে, গত ২১ জুন জারি করা ‘সাধারণ লাইসেন্স এক্স’ ৭ জুলাই থেকে বাতিল করে তার পরিবর্তে নতুন ‘সাধারণ লাইসেন্স এক্স-১’ কার্যকর করা হয়েছে।

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইতিবাচক আলোচনার ধারাবাহিকতায় গত জুনে যুক্তরাষ্ট্র ৬০ দিনের জন্য আংশিক নিষেধাজ্ঞা শিথিল করেছিল। ওই সিদ্ধান্তের ফলে ইরানি তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রিতে সীমিত সুযোগ তৈরি হয়েছিল।

তবে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর ওয়াশিংটন আগের অবস্থান থেকে সরে আসে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ওই অঞ্চলে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং এর পরিণতি তেহরানকে ভোগ করতে হবে।

গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনার পরই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত কার্যকর করল। ঘটনাটি মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক তেলের বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ওয়াশিংটন-তেহরান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং তেলের দামের ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা ও রয়টার্স।