মধ্যরাতে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে উত্তেজনা, বিস্ফোরণের কারণ জানায়নি তেহরান।

টুইট প্রতিবেদক: মধ্যরাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (৮ জুলাই) গভীর রাতে পরপর এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের উৎস বা কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানের সামরিক কিংবা নিরাপত্তা কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালিতে চলাচলকারী দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী। এতে জাহাজ দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত জাহাজের একটি সৌদি আরবের এবং অন্যটি কাতারের মালিকানাধীন বলে জানা গেছে।

জাহাজে হামলার পরপরই যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ইরানকে এর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই সিরিক এলাকায় বিস্ফোরণের ঘটনা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, বিস্ফোরণের বিষয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে ঘটনাটি দুর্ঘটনা, সামরিক অভিযান নাকি পাল্টা হামলার অংশ,তা স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় এই বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল নিবিড় নজর রাখছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, মেহের নিউজ।