শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদারের আহ্বান

জাতিসংঘে বৈঠক, সক্ষমতা বৃদ্ধি ও হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন নিয়ে আলোচনা
টুইট ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি নিয়ে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যদের পরিচালনাগত সহায়তা, রিইমবার্সমেন্ট দ্রুত নিষ্পত্তি, লজিস্টিক সহযোগিতা এবং পরিবেশগত টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। জাতিসংঘের লজিস্টিক ও পরিচালনাগত সহায়তা আরও জোরদার হলে শান্তিরক্ষা কার্যক্রম অধিক কার্যকর ও গতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন।
জবাবে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নেও বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।
এ সময় হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ বাংলাদেশের বিভিন্ন প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন অতুল খারে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।






