প্রতিশ্রুতি রাখলেন রাসিক প্রশাসক: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ উপহার

বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা প্রদান।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:।রাজশাহী মহানগরের বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ জন কৃতি শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রবিবার (৫ জুলাই) বিকেলে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কৃতি শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে তুলে দেন। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করতেই এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও নৈতিক বিকাশে সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসা প্রয়োজন। আন্তরিক উৎসাহ ও সহযোগিতা পেলে শিক্ষার্থীরা বড় স্বপ্ন বাস্তবায়নে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।”

তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, অধ্যবসায়, সততা ও দেশপ্রেমের সঙ্গে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অর্থ সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন— সাইয়েদুল আববার সাইফ, আব্দুল্লাহ আল মাহী, সিরাতুল মুরসালিন সিরাত, তাসাউফ আহমাদ, রাফিয়া আক্তার রুকু, শাহরিন আক্তার রিমি, আব্দুল্লাহ আল আতিব, মো. মোর্তুজা, জাহিন মুরসালিন, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসতিয়াক এবং আব্দুর রহমান।

অনুষ্ঠানে বুধপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম সিদ্দিকীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৫ জুন) বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন চতুর্থ তলা ভবনের উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ওই অনুষ্ঠানে তিনি ১২ জন কৃতি শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে অর্থ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রবিবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন তিনি।