হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

দায়িত্বে অবহেলা, টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ; আদালতের আদেশ অপেক্ষমাণ

টুইট ডেস্ক: হামের প্রাদুর্ভাবে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করার আবেদন করা হয়েছে। আবেদন গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অন্য দুই অভিযুক্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আবেদনে বলা হয়, বাদীর নয় মাস বয়সী কন্যাশিশু সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের স্বল্পতা, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায়।

বাদীর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তাদের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার কারণেই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়েছে, এই অবহেলার ফলে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বহু শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। রাষ্ট্রের জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের জীবন রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার অভিযোগও এতে আনা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। আবেদন গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে কি না, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত পরে জানা যাবে।