রাজশাহীর তালাইমারী ফুলতলায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

রাসিকের সহযোগিতায় বিডি ক্লিন রাজশাহীর উদ্যোগে নদীতীর পর্যটন কেন্দ্র পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মসূচি
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরের মতিহার থানাধীন তালাইমারী ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্রকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আরও আকর্ষণীয় করে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রাজশাহী। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন রাজশাহী গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশন নয়, নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। পরিবেশ রক্ষা ও নগরীর সৌন্দর্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রশাসক বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরিচ্ছন্ন নগর গঠনে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং নদীতীর ও পর্যটন এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে বিডি ক্লিন, রাজশাহীর স্বেচ্ছাসেবকরা তালাইমারী ফুলতলা নদীর ধার ও পর্যটন কেন্দ্র এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিভিন্ন ধরনের প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়।
আয়োজকদের আশা, রাজশাহীর অন্যতম জনপ্রিয় বিনোদন ও পর্যটন এলাকা তালাইমারী ফুলতলায় এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।







