পাকিস্তানে খাদে বাস, নিহত অন্তত ৪০

বেলুচিস্তান-খাইবার পাখতুনখাওয়া সীমান্তে ভয়াবহ দুর্ঘটনা; আহত অন্তত ৮, উদ্ধার অভিযান অব্যাহত
টুইট ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের পরপরই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি বেলুচিস্তানের কোয়েটা থেকে পেশাওয়ারের উদ্দেশে যাত্রা করেছিল। শুরুতে এতে ৩৬ জন যাত্রী ছিলেন। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে গেলে সেখানকার কয়েকজন যাত্রীও এই বাসে ওঠেন। ফলে দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। প্রদেশটির মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সংশ্লিষ্ট প্রশাসন, উদ্ধারকারী সংস্থা ও স্বাস্থ্য বিভাগকে উদ্ধারকাজ দ্রুত শেষ করা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্গম পাহাড়ি সড়কে বাসটির নিয়ন্ত্রণ হারিয়েই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তদন্ত শেষ হওয়ার পর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানাবে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






