তেহরানে পৌঁছেছে খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড জনসমাগমের প্রত্যাশা

গ্র্যান্ড মোসাল্লা মসজিদে শেষ শ্রদ্ধা; মাশহাদে দাফনের প্রস্তুতি, নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসছেন না মোজতবা খামেনি

টুইট ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে পৌঁছেছে। শুক্রবার (৩ জুলাই) সেখানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, জানাজায় প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে, যা বাস্তবায়িত হলে এটি হবে ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জানাজা শেষে খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

এদিকে, খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার জানাজার নামাজে ইমামতি করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে প্রকাশ্যে আসার অনুমতি দেয়নি দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।

ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হাকিম ইলাহী ভারতীয় সংবাদমাধ্যম *ইন্ডিয়া টুডে*কে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই প্রথম প্রকাশ্যে আসতে চেয়েছিলেন মোজতবা খামেনি। কিন্তু নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

হাকিম ইলাহী আরও জানান, সাম্প্রতিক ইরান সফরে মোজতবা খামেনির ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে। তাদের মাধ্যমে তিনি জানতে পারেন, মোজতবা খামেনি ব্যক্তিগতভাবে জানাজার নামাজ পরিচালনা করতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।

তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন সর্বোচ্চ নেতাই জানাজার নামাজ পরিচালনা করতেন। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সে সম্ভাবনা নেই। এছাড়া এ দায়িত্ব পালনের জন্য তিনি অন্য কাউকেও মনোনীত করেননি বলেও জানান হাকিম ইলাহী।