এলপি গ্যাসের দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার কমল ৩৫৭ টাকা

নতুন মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর; অটোগ্যাসের লি যেটারপ্রতি দামও কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ।
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ব্যবহারে বড় ধরনের স্বস্তি এসেছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ জুলাই) কমিশন নতুন এ মূল্য ঘোষণা করে। জানানো হয়েছে, সংশোধিত মূল্য আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের মূল্যও কমানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। সে সময় অটোগ্যাসের লিটারপ্রতি দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যপরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিইআরসি প্রতি মাসে ভোক্তাপর্যায়ের এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করে থাকে। সর্বশেষ এ সিদ্ধান্তে দেশের লাখো এলপিজি ব্যবহারকারী পরিবার ও পরিবহন খাত কিছুটা স্বস্তি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






