রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা

নাগরিক সেবার মানোন্নয়ন ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব; আয়-ব্যয় সমন্বয়ে বাস্তবসম্মত বাজেটের ঘোষণা।
নিজস্ব প্রতিবেদক: নাগরিক সেবার মানোন্নয়ন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের সমন্বয় এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাসিকের অ্যানেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন, নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী আয় ও ব্যয় সমপরিমাণ ধরে একটি বাস্তবসম্মত বাজেট প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। পরবর্তীতে সংশোধিত বাজেটে এর আকার বেড়ে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সায় উন্নীত হয়েছে।
প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে। নাগরিক সুবিধা আরও সম্প্রসারণ এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”







