ঋণখেলাপির কারণে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

আপিল বিভাগের রায়ে স্থগিত থাকছে চট্টগ্রাম-৪ আসনের ফলাফল প্রকাশ

টুইট ডেস্ক: ঋণখেলাপি হওয়ার কারণে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই আসনের নির্বাচনী ফলাফল প্রকাশও স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

এর আগে গত ২০ জুন আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা–সংক্রান্ত আপিল শুনানিতে আদালত বন্ধু হিসেবে মতামত দেওয়ার জন্য দুই জ্যেষ্ঠ আইনজীবীকে মনোনয়ন দেয়। তারা হলেন এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী।

মামলার নথি অনুযায়ী, গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি আপিল খারিজ করে দিলে তার প্রার্থিতা বহাল থাকে। এরপর ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট করা হয়। পরে হাইকোর্ট আবেদন খারিজ করলে জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি প্রার্থিতা ফিরে পান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল প্রকাশ স্থগিত ছিল।

পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলে আপিল বিভাগ তা গ্রহণ করে এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেয়। সর্বশেষ রায়ে আদালত শপথ গ্রহণের সুযোগ না থাকার বিষয়টি স্পষ্ট করে দেয়।