স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

 

আধুনিক ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছান তিনি।

পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এ পরিদর্শনে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখতে সক্ষম একটি শক্তিশালী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্পারসোকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবনভিত্তিক গবেষণা, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তি প্রয়োগে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান।