ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু ৯২০; নিঁখোজ অনেকে

ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ অর্ধলক্ষাধিক; উদ্ধারযুদ্ধে সেনা, স্বেচ্ছাসেবক ও আন্তর্জাতিক সহায়তা

টুইট ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর দেশজুড়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে এখন পর্যন্ত ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছেন ৫০ হাজারেরও অধিক ব্যক্তি।

দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ শুক্রবার এক বিবৃতিতে জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় জোরদার করা হয়েছে।

গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। দুই কম্পনের ব্যবধান ছিল এক মিনিটেরও কম। রাজধানী কারাকাস ও উপকূলীয় অঞ্চল লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বহু বহুতল ভবন ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকর্মী না পৌঁছানোয় অনেক জায়গায় স্বজন ও প্রতিবেশীরাই হাতে থাকা সরঞ্জাম নিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন।

লা গুয়াইরার বিভিন্ন এলাকায় এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলও ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে। সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করেছে এবং উদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। মানবিক সহায়তা, উদ্ধার সরঞ্জাম এবং জরুরি চিকিৎসা ব্যবস্থার ওপর এখন দেশটির প্রধান নির্ভরতা তৈরি হয়েছে।