রাজশাহীতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক দিবসে সচেতনতা বাড়ানোর আহ্বান, অংশ নেন প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা বলেন, মাদকের অপব্যবহার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন। আন্তর্জাতিক দিবসটি উপলক্ষে সমাজের সব স্তরে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।