বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময় গড়তে চীনা বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিং ইনভেস্টমেন্ট ফোরামে তারেক রহমান; মূল্যশৃঙ্খল সম্প্রসারণ ও বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস
টুইট প্রতিবেদক: এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিস্ময় গড়তে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ ও চীন একসঙ্গে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
প্রধানমন্ত্রী বলেন, চীনা কোম্পানিগুলোকে তাদের মূল্যশৃঙ্খল বাংলাদেশে সম্প্রসারণের মাধ্যমে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারের সুবিধা নেওয়ার পাশাপাশি বৈশ্বিক বাজারে আরও কার্যকরভাবে প্রবেশের সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য।
তিনি আরও বলেন, “বাংলাদেশ আপনাদের এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের যৌথ রূপকার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছে।” ইতোমধ্যে বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করা চীনা বিনিয়োগকারীদের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের কর্মক্ষম জনশক্তি, সহনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
বিনিয়োগকারীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিনিয়োগ যথাযথ মূল্যায়ন পাবে এবং একটি আরও গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশকে একযোগে কাজ করতে হবে।
ভাষণের শেষে তিনি বলেন, “বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন এবং সমমর্যাদার অংশীদারিত্বের ভিত্তিতে আমরা একসঙ্গে সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করি।”







