নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

শ্রমিকদের বকেয়া পাওনার মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে অভিযান
টুইট ডেস্ক: রাজধানীর বনানী এলাকা থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) ভোরে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে সংশ্লিষ্ট বাসাটিকে নজরদারিতে রাখা হয়েছিল।
পুলিশ জানায়, অভিযানে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ নেতৃত্ব দেয় এবং এতে বনানী থানা পুলিশ সহযোগিতা করে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয় এবং তারা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করে।
অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার দায়িত্বশীল সূত্র জানায়, সাজেদুল ইসলাম শুভ্রর বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
থানা সূত্রের তথ্য অনুযায়ী, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনা সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়েছিল।
অভিযানসংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, অভিযানের সময় ভবনে প্রবেশ নিয়ে কিছু সময় জটিলতা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।






