ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কা, ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে বাহিনী।

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতার আশঙ্কা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম। আগামী ৩০ জুন পর্যন্ত সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। দিনটিকে ঘিরে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ২০০টিরও বেশি বিশেষ পিকেট ও তল্লাশি চৌকি বসানো হবে। পাশাপাশি মহানগরের প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হবে, যাতে সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন সহজে শনাক্ত করা যায়।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত পুলিশের পাশাপাশি বিশেষায়িত ইউনিটগুলোও মাঠে সক্রিয় থাকবে। গোয়েন্দা শাখা, সন্ত্রাস দমন ইউনিটসহ অন্যান্য সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। সাদা পোশাকেও থাকবে গোয়েন্দা তৎপরতা।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৫টি দ্রুত প্রতিক্রিয়া দল প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষগুলোতে পর্যাপ্ত রিজার্ভ সদস্য মোতায়েন থাকবে।

পুলিশ জানায়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।