কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫০-এর বেশি

রাস লাফফানে দুর্ঘটনা, নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি প্রধান গ্যাস উৎপাদন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে শিল্পনগরী রাস লাফফানের বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় এবং দূর থেকেও আগুন ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

কাতার এনার্জি ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ক্ষতিকর গ্যাস বা রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েনি। তবে বিস্ফোরণের শব্দ এতটাই শক্তিশালী ছিল যে, তা দোহা পর্যন্ত শোনা গেছে এবং অনেকেই প্রাথমিকভাবে এটিকে ভূমিকম্প বা অন্য কোনো বড় দুর্ঘটনা বলে মনে করেছিলেন।

রাস লাফফান কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে দেশের বেশিরভাগ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। ফলে এই দুর্ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কাতার সরকার।