হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের হুঁশিয়ারি, ট্রাম্পের কঠোর বার্তা ইরানকে

জ্বালানি নিরাপত্তা ও মধ্যপ্রাচ্য উত্তেজনায় নতুন মাত্রা

টুইট ডেস্ক: হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথ যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে।

মার্কিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি বন্ধ বা বাধাগ্রস্ত হলে তা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুতর সংকট তৈরি করবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় বড় ধরনের ব্যয় করছে, তাই প্রয়োজন হলে ‘টোল ব্যবস্থা’ চালুর মাধ্যমে এর ক্ষতিপূরণ আদায় করা হতে পারে।

তিনি আরও বলেন, সমঝোতা না হলে পরিস্থিতি কঠোর পদক্ষেপের দিকে যেতে পারে এবং যুক্তরাষ্ট্র এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে পারে।

অন্যদিকে ইরানের পার্লামেন্টের পক্ষ থেকে এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, হুমকি-ধমকির মাধ্যমে কোনো সমাধান আসবে না এবং ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এ ধরনের বক্তব্য বৈশ্বিক বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন উদ্বেগ তৈরি করতে পারে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক আলোচনার ওপর।