প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: দেশের জন্য ভাবুন, একসঙ্গে এগিয়ে যাই

দাবির বাইরে গিয়ে দায়িত্ববোধ ও উন্নয়ন অংশীদার হওয়ার বার্তা

টুইট ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের কাছে শুধু প্রত্যাশা নয়, দেশের প্রতি দায়িত্ববোধ নিয়েও সবাইকে ভাবতে হবে।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।’ তিনি প্রবাসীদের উদ্দেশে আরও বলেন, দেশের কাছে আমাদের কী দাবি আছে—সেই চিন্তা থেকে বেরিয়ে এসে এখন ভাবতে হবে দেশের জন্য আমরা কী করতে পারি।

তিনি বলেন, দীর্ঘ সময়ের নানা সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। তবে জনগণের ত্যাগ ও অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার পথ তৈরি হয়েছে। এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগে দেশকে এগিয়ে নেওয়া।

দেশ গঠনের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে দেশ-বিদেশে থাকা বাংলাদেশিদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে সেই লক্ষ্য অর্জনে পরিশ্রম, ধৈর্য এবং দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিরা নানা ক্ষেত্রে দক্ষতা ও সাফল্যের পরিচয় দিচ্ছেন। সেই সক্ষমতা দেশের উন্নয়নেও কাজে লাগানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য ও উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। প্রবাসীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।