কুয়ালালামপুরে শীর্ষ বৈঠক: বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কে নতুন দিগন্তের বার্তা

বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও কৌশলগত সহযোগিতা জোরদারে আলোচনা
টুইট ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে দুই সরকারপ্রধানের একান্ত আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্র, কর্মসংস্থান, জ্বালানি, শিক্ষা ও অর্থ খাতসংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, অর্ধপরিবাহী শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতায় নতুন গতি তৈরি হতে পারে। বিশেষ করে কর্মসংস্থান, প্রযুক্তি ও বিনিয়োগ খাতে বাস্তবসম্মত অগ্রগতির প্রত্যাশা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। এ সময় মালয় ও বাংলা ভাষায় সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হবে।






