বিজিবির উদ্যোগে বংকুপাড়ায় হাম-রুবেলা টিকাদান ও মেডিকেল ক্যাম্প

সম্ভাব্য আক্রান্ত শিশুদের চিকিৎসা, টিকা ও স্বাস্থ্যসচেতনতায় বিশেষ কার্যক্রম

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের দুর্গম সীমান্ত এলাকার কয়েকজন শিশুর মধ্যে হাম-রুবেলার উপসর্গ দেখা দেওয়া এবং এক কিশোরীর মৃত্যুর খবরের পর বিশেষ স্বাস্থ্য উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ জুন) বলিপাড়া জোন ৩৮ বিজিবির উদ্যোগে বংকুপাড়া বিওপির দায়িত্বাধীন প্রদীপ পাড়া ও শালুকিয়া পাড়ায় বিশেষ টিকাদান ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের তত্ত্বাবধানে এবং মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহযোগিতা দেয়।

ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসক দল সম্ভাব্য আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি স্থানীয় অসহায় নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

এ সময় হাম-রুবেলা প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব এবং স্বাস্থ্যসচেতনতা বাড়াতে স্থানীয় জনগণের মধ্যে প্রচার কার্যক্রমও চালানো হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী দুর্গম এলাকার জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।