আলীকদমে মুরুং কমপ্লেক্সে শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়

শিক্ষা বিস্তার ও মৌলিক সেবা সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বান্দরবানের আলীকদম উপজেলার মুরুং কমপ্লেক্সে।
শনিবার (২০ জুন) বান্দরবান রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসিডি, পিএসি।
সভায় শিক্ষা প্রসার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, মুরুং সম্প্রদায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা দুর্গম এলাকায় শিক্ষা ও মৌলিক সেবা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
রিজিয়ন কমান্ডার তার বক্তব্যে বলেন, শিক্ষা পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম ভিত্তি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু-কিশোরদের জন্য শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় শুনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।






