অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হবে ফ্যামিলি কার্ড

সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে এক প্ল্যাটফর্মে আনার কথা জেলা প্রশাসকের
টুইট ডেস্ক: ফ্যামিলি কার্ড কর্মসূচি ভবিষ্যতে অস্বচ্ছল পরিবারের সক্ষমতা ও সামাজিক সুরক্ষার প্রতীক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।
গত বুধবার (১৭ জুন) কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শনে পরিবারকে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই লক্ষ্য থেকেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে, যাতে প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা যায়।
তিনি জানান, তৃতীয় পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের মোট ১ হাজার ২৭৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। তার ভাষায়, এটি কেবল কার্ড বিতরণ নয়; বরং সামাজিক সুরক্ষা, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি নতুন উদ্যোগ।
ফরিদা খানম বলেন, বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড এসব সেবাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তাকে অনুদাননির্ভর ব্যবস্থা থেকে নাগরিকের অধিকারভিত্তিক সেবায় রূপান্তরের লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে এই কার্ড একটি সর্বজনীন সামাজিক পরিচয়পত্র হিসেবে বিকশিত হতে পারে, যার মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সরকারি ও সামাজিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক সুবিধা আরও সহজে পাবে এবং জেলা প্রশাসন এ কার্যক্রমে সহায়ক ভূমিকা অব্যাহত রাখবে।






