খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রীর আকস্মিক সফর

অসুস্থতার খোঁজ নিলেন, সুস্থতা কামনা
টুইট ডেস্ক: সাবেক সংসদ সদস্য, বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর খালেদা রাব্বানীর বাসভবনে আকস্মিক সফর করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শেষে শহরের শাহ মোস্তফা রোড এলাকায় অবস্থিত খালেদা রাব্বানীর বাসায় যান তিনি। সেখানে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসা ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।
সফরকালে প্রধানমন্ত্রী তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং কিছু সময় ব্যক্তিগতভাবে আলাপ করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ নিয়ে মিফতাহ সিদ্দিকী বলেন, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সৌজন্য, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের যে চর্চা থাকা প্রয়োজন, এ সফর তার একটি উদাহরণ।
তার ভাষ্য অনুযায়ী, সাক্ষাৎকালে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং পুরোনো আলোকচিত্র দেখান। এ সময় প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে সাহস ও সান্ত্বনা দেন।
দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা খালেদা রাব্বানী বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন।






