নারী নেতৃত্ব জোরদারে বাংলাদেশের আহ্বান

মানবিক সহায়তা, বেসামরিক সুরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব

টুইট ডেস্ক: বিশ্বজুড়ে মানবিক সংকট আরও জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি মানবিক নীতি ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের কার্যকর অংশগ্রহণ আরও বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে নারী ও শিশুদের বাড়তে থাকা দুর্ভোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ক্রমবর্ধমান মানবিক অর্থায়ন সংকট মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) তিনি ইকোসকের মানবিক বিষয়ক অধিবেশনের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন। একই দিনে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।