জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র নষ্টের কোনো ষড়যন্ত্র সফল হবে না: প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড সবার কাছে পৌঁছে দেওয়ার ঘোষণা; উপজেলা স্বাস্থ্যসেবা সম্প্রসারণেরও আশ্বাস

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর-সুবিধা অব্যাহত রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে জনকল্যাণমূলক কার্যক্রমে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি মা-বোনের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ধাপে ধাপে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মসূচির বাস্তবায়নে সরকারের নির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চা শ্রমিকদের আবাসন সহায়তায় অনুদান দেওয়া হচ্ছে।

মৌলভীবাজার অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে জনগণকে উন্নয়ন ও রাষ্ট্রগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।