রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

কোর্ট একাডেমিতে কর্মসূচির উদ্বোধন; পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন নগরজুড়ে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বুধবার (১৭ জুন) রাজশাহী কোর্ট একাডেমি মাঠে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরে কোর্ট একাডেমির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তোলার দীর্ঘমেয়াদি বিনিয়োগ। সরকারের ঘোষিত কর্মসূচিকে সফল করতে রাজশাহী নগরজুড়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক প্রতিষ্ঠান ইতোমধ্যে এ উদ্যোগে সম্পৃক্ত হতে শুরু করেছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগর গঠনে সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






