শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫৫ জন ভাতাভোগীর মোবাইলে পাঠানো হলো জুন মাসের ভাতা; সফর ঘিরে জেলায় বাড়তি নিরাপত্তা

টুইট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল ফোনে জুন মাসের ভাতার অর্থ পাঠানো হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের হাতে অনুদান তুলে দেন। পরে অনলাইনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে ভাতার অর্থ স্থানান্তর করা হয়।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, বিকেলে তিনি দুসাই রিসোর্টে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।