আশুরার নিরাপত্তায় ডিএমপির কঠোর প্রস্তুতি, সিসি ক্যামেরার আওতায় হোসাইনী দালান

আশুরার নিরাপত্তায় ডিএমপির কঠোর প্রস্তুতি, সিসি ক্যামেরার আওতায় হোসাইনী দালান
টুইট প্রতিবেদক তাজিয়া মিছিলে অস্ত্র, আতশবাজি ও বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ নজরদারিপবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরীতে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ২৬ জুন আশুরার কর্মসূচি ঘিরে মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ। তিনি আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তাজিয়া মিছিলসহ অন্যান্য আয়োজনে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ থাকবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনী দালান ইমামবাড়ার পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি এড়াতে ডগ স্কোয়াড ও ম্যানুয়াল সুইপিংয়ের মাধ্যমে এলাকা পরীক্ষা করা হবে।
ডিএমপি জানিয়েছে, প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। এতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, দুই সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আশুরার কর্মসূচি ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীবাসীর নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য।






