বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন পাঠযুদ্ধ

আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী প্রতিযোগিতা, গোল হবে ই-বই কেনায়

টুইট প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা এবার শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে বইয়ের পাতাতেও। ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন নিয়ে এসেছে প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী। অনলাইন বইয়ের মঞ্চ বইটইয়ের সহযোগিতায় শুরু হয়েছে ‘বিশ্বকাপ গোল উৎসব’।

এই আয়োজনে মুখোমুখি হয়েছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এখানে জয়-পরাজয় নির্ধারিত হবে মাঠের গোল দিয়ে নয়, বরং বই কেনার সংখ্যায়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের প্রথমে নিজেদের পছন্দের দল নির্বাচন করতে হবে। এরপর সেই দলকে ঘিরে প্রকাশিত নির্ধারিত ই-বই কিনতে হবে অথবা অন্য কাউকে উপহার দিতে হবে। প্রতিটি ই-বই ক্রয় একটি গোল হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট দলের স্কোরবোর্ডে যুক্ত হবে।

ফলে যে দলের সমর্থকেরা বেশি ই-বই সংগ্রহ করবেন, সেই দলই এগিয়ে থাকবে প্রতিযোগিতায়। আয়োজনটির বিশেষ আকর্ষণ হলো গোলসংখ্যা সরাসরি হালনাগাদ করা হবে। সমর্থকেরা যেকোনো সময় দেখতে পারবেন কোন দল এগিয়ে আছে এবং নিজেদের দলকে এগিয়ে নিতে অংশ নিতে পারবেন।

প্রকাশকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু প্রতিযোগিতার আবহ তৈরি করা নয়; বরং ফুটবলপ্রেমীদের নিজেদের প্রিয় দলের ইতিহাস, কিংবদন্তি খেলোয়াড় এবং গৌরবময় অর্জন সম্পর্কে পড়ার আগ্রহ বাড়ানো।

মাসব্যাপী চলা এই আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। ততদিন পর্যন্ত চলবে বই কেনার এই অভিনব লড়াই—যেখানে গোল হবে ই-বই, আর বিজয়ী হবে পাঠাভ্যাস ও ফুটবলপ্রেম।