টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আউচপাড়া এলাকায় গোপন অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
টুইট প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, ৫৮ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর সদর উপজেলার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)।
পুলিশ জানায়, ওই বাড়িতে মাদক কেনাবেচার কার্যক্রম চলছিল,এমন তথ্যের ভিত্তিতে এসআই এস এম মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযান চলাকালে দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।






