তেলাপোকা মারতে কামান দাগছে মোদি সরকার

ব্যঙ্গ, প্রতিবাদ আর তরুণদের ক্ষোভকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে দেখার অভিযোগ

টুইট ডেস্ক: ভারতে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একদল কলেজ শিক্ষার্থীর তৈরি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ ঘিরে সরকারের প্রতিক্রিয়া দেশটির মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন আলোচনা সামনে এনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যকে ঘিরেই এই ব্যঙ্গাত্মক উদ্যোগের সূচনা। কর্মহীন তরুণদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক উপায়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। অল্প সময়েই অ্যাকাউন্টটি জনপ্রিয় হয়ে ওঠে।

তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি মহলে বিষয়টি নিয়ে অস্বস্তি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে অ্যাকাউন্টটির কার্যক্রম সীমিত করা, ওয়েবসাইট বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়।

সমালোচকদের দাবি, একটি ব্যঙ্গাত্মক উদ্যোগকে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত করা অযৌক্তিক প্রতিক্রিয়া। তাদের মতে, এটি মূলত তরুণদের হতাশা, কর্মসংস্থান সংকট ও শিক্ষা ব্যবস্থার নানা সমস্যার বহিঃপ্রকাশ।

প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ, কর্মসংস্থানের সীমাবদ্ধতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়েও তরুণদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সমালোচকদের ভাষ্য, এসব বাস্তব সমস্যার সমাধানে মনোযোগী হওয়ার পরিবর্তে মতপ্রকাশ নিয়ন্ত্রণের প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে।

এদিকে সরকারের সমর্থকরা বলছেন, অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তি বা উসকানিমূলক কার্যক্রম ঠেকাতে নজরদারি প্রয়োজন। তবে বিরোধী মতের কণ্ঠস্বর সীমিত করা গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয় বলেও মত দিয়েছেন বিশ্লেষকদের একটি অংশ।

বিশ্লেষকদের মতে, তরুণদের ক্ষোভ বা ব্যঙ্গকে দমন নয়, বরং সংলাপের মাধ্যমে মোকাবিলা করাই দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে।