ব্রাজিলকে হারিয়ে আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা: মার্টিনেজ

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে হারানোর পূর্বাভাস; স্পেনের বিদায় দেখছেন শেষ ষোলোতেই।

টুইট ডেস্ক: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সাহসী এক ভবিষ্যদ্বাণী করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে এবং ফাইনালে হারাবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে।

অ্যাস্টন ভিলার এক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে মার্টিনেজ সম্ভাব্য নকআউট পর্বের একটি কল্পিত ছক তুলে ধরেন। তার পূর্বাভাস অনুযায়ী, সব বাধা পেরিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল।

মার্টিনেজের ধারণা, নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও নিষ্পত্তি হবে না ম্যাচটির। শেষ পর্যন্ত খেলা গড়াবে টাইব্রেকারে এবং সেখানেই আর্জেন্টিনা শিরোপা নিশ্চিত করবে। টাইব্রেকারে নিজের সাফল্যের অভিজ্ঞতার কারণেই এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক।

তার করা সম্ভাব্য সমীকরণে সবচেয়ে বড় চমক বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে ঘিরে। মার্টিনেজ মনে করেন, শেষ ষোলোতেই আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে স্প্যানিশরা। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস ও মেক্সিকোর জায়গা হবে বলেও তিনি পূর্বাভাস দিয়েছেন।

মার্টিনেজের কল্পিত নকআউট সূচিতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনবে। অন্যদিকে ব্রাজিল মেক্সিকোকে পরাজিত করে সেমিফাইনালে উঠবে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মার্টিনেজ। সেই আসরে তার দুর্দান্ত নৈপুণ্য, বিশেষ করে ফাইনালে গুরুত্বপূর্ণ সেভ, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখে। ফলে ২০২৬ বিশ্বকাপ নিয়ে তার সাম্প্রতিক ভবিষ্যদ্বাণীও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এখন দেখার বিষয়, মাঠের বাস্তব লড়াইয়ে মার্টিনেজের এই সাহসী পূর্বাভাস কতটা সত্যে পরিণত হয়।