পচা সবজি থেকে পরিবেশবান্ধব পলিথিন, তরুণ উদ্ভাবকে মুগ্ধ প্রধানমন্ত্রী

কলাগাছের তন্তু দিয়ে ঢেউটিন ও নির্মাণসামগ্রী তৈরির উদ্যোগে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস
টুইট ডেস্ক: পরিত্যক্ত ও পচা সবজিকে ব্যবহার করে পচনশীল পলিথিন এবং কলাগাছের তন্তু থেকে নির্মাণসামগ্রী তৈরির অভিনব উদ্ভাবন নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছেন মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম।
রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী সাজ্জাদুল ইসলামের উদ্ভাবন সম্পর্কে অবগত হন। এ সময় তরুণ উদ্ভাবক তার গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সাজ্জাদুল জানান, দীর্ঘদিনের পরীক্ষামূলক কাজের মাধ্যমে তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে এমন এক ধরনের পচনশীল পলিথিন তৈরি করেছেন, যা পরিবেশ দূষণ কমাতে কার্যকর হতে পারে। পাশাপাশি কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তিও তিনি উন্নয়ন করেছেন।
দেশীয় কাঁচামালভিত্তিক এই উদ্যোগকে সম্ভাবনাময় উদ্ভাবন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই শিল্প উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহ দেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষজ্ঞদের মতে, কৃষিজ বর্জ্যকে মূল্যবান শিল্পপণ্যে রূপান্তরের উদ্যোগ একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করে, অন্যদিকে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার পথও খুলে দিতে পারে।
তরুণদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করতে গবেষণা, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।






