বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপ পেরোলেন প্রধানমন্ত্রীর কন্যা

টুইট ডেস্ক: নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাইমা রহমানও।

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশের আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষায় অংশ নিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন তিনি। শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। সেখান থেকে ৯ হাজার ২০১ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়— এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর একজন প্রার্থী আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।

সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় যুক্ত হওয়ার সুযোগ পান। তবে উচ্চ আদালতে আইন পেশায় অংশ নিতে পৃথক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও পরিচালনাসংক্রান্ত বিষয় তদারকি করে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।