ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগ

চট্টগ্রামে গাড়ি থামিয়ে মারধর ও জোরপূর্বক গাড়িতে তোলার অভিযোগ; ঘটনার তদন্ত দাবি
টুইট ডেস্ক: চট্টগ্রামে ডিবি পুলিশের পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।
জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে নিজ শহর চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে কয়েকজন ব্যক্তি তার গাড়ি থামান। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক একটি পুলিশের গাড়িতে তোলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
জাতীয় দলের এই অফ স্পিনারের দাবি, প্রথমে ডিবি পরিচয়ে তাকে তল্লাশি করা হয়। পরে সাদা পোশাকে থাকা এক ব্যক্তি ও সঙ্গে থাকা দুই সদস্য তাকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করেন। নিজের পরিচয় দেওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি উঠেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনেও উদ্বেগ দেখা দিয়েছে।






