রাজশাহী প্রেসক্লাবের সভায় সাংবাদিক ঐক্যের আহ্বান

পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও গণমাধ্যমের বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার রাত ৮টায় নগরীর পদ্মা গার্ডেনের কফি বারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

সভায় বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের দায়িত্বশীলতা, পেশাগত নৈতিকতা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদার করে জনস্বার্থভিত্তিক সংবাদচর্চা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, সময় টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাইফুর রহমান রকি, চিত্রগ্রাহক পাপ্পু, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, কোষাধ্যক্ষ আল আমিন, সদস্য ও এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, কার্যনির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি ও মো. রাজীব আলী রাতুল, যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার এবং তাহেরপুর আঞ্চলিক প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেটসহ অন্যরা।

মতবিনিময় সভায় রাজশাহীর গণমাধ্যমের বর্তমান বাস্তবতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং সংবাদমাধ্যমের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে উপস্থিত অতিথিরা সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।