আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসাসেবায় ৬ হাসপাতালে জরুরি নির্দেশ

লাইসেন্স বাতিলের পর রেফার্ড রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের পদক্ষেপ।
টুইট প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে ভর্তি ও রেফার্ড হওয়া রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ জুন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর ফলে হাসপাতালটি থেকে যেসব রোগী অন্যত্র পাঠানো হবে, তাদের যেন কোনো ধরনের চিকিৎসা-সংকটে পড়তে না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়া ছয়টি হাসপাতাল হলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট
স্বাস্থ্য খাতসংশ্লিষ্টরা মনে করছেন, একটি বড় বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিলের পর রোগীদের চিকিৎসা কার্যক্রমে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে কারণেই দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে ভর্তি রোগী ও জরুরি সেবাপ্রত্যাশীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এদিকে সংশ্লিষ্ট মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






