বান্দরবানে পর্যটনসেবায় নতুন অবকাঠামো

বান্দরবানে মাইক্রোবাস–জীপ–পিকআপ মালিক সমিতির ভবনের কাজ শুরু, থাকবে চালকদের বিশ্রামাগার
বান্দরবান প্রতিনিধি: পর্যটননির্ভর পরিবহন সেবাকে আরও সংগঠিত ও কার্যকর করতে বান্দরবানে মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির জন্য নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সদরের নীলাচল সড়ক এলাকায় নতুন ভবনের গাইড ওয়াল ও চালকদের বিশ্রামাগার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, বান্দরবানের পর্যটন খাতকে আরও গতিশীল করতে পরিবহনসেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি জরুরি। সে লক্ষ্যেই জেলা পরিষদ ধারাবাহিকভাবে অবকাঠামোগত সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সমিতির সভাপতি মো. নাছিরুল আলম বলেন, নতুন ভবন নির্মিত হলে মালিক ও শ্রমিকদের জন্য সমন্বিত কার্যক্রম পরিচালনা সহজ হবে। একই সঙ্গে চালকদের জন্য বিশ্রামের উপযুক্ত ব্যবস্থা তৈরি হওয়ায় সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং চালক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, পর্যটনসেবার সঙ্গে যুক্ত চালকদের জন্য নির্ধারিত বিশ্রামাগার ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে পর্যটকসেবার মানোন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যটন অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।






